শিল্পখাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও প্রতিযোগী সক্ষমতা বাড়াতে ব্যবসায়িক প্রক্রিয়াগুলোর আরো সহজীকরণ, রফতানি বহুমুখীকরণ এবং প্রযুক্তি গ্রহণে বিনিয়োগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। গতকাল ঢাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে তিনি বৈশ্বিক ব্যবসায়িক গতিশীলতার সাথে সামঞ্জস্য রাখতে সরকারের নীতি সহায়তার আহবান জানান।

ফারুক হাসান বলেন, ক্রেতাদের প্রতিনিয়ত পরিবর্তনশীল চাহিদা, নিত্য নতুন প্রযুক্তির আবির্ভাব এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তনশীল পরিস্থিতির প্রেক্ষাপট ব্যবসার গতিশীলতাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করছে। যে কারণে উদ্ভূত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিয়েই বৈশ্বিক বাজারে প্রতিযোগী সক্ষমতা ধরে রাখা শিল্পের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।

এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি মো. সাইফুল ইসলাম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি মো. সামির সাত্তার; বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন, মো. মুনির হোসেন, সহ-সভাপতি, এফবিসিসিআই; ফজলে শামীম এহসান, সহ-সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিআই) সভাপতি ওমর হাজ্জাজ।