পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) এর আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় কর পরবর্তী নিট মুনাফা কমেছে প্রায় ১০ শতাংশ। গতকাল অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা থেকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে পিপলস ইন্স্যুরেন্সের সমন্বিত কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৪২ লাখ টাকা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৬৮ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা কমেছে ২৬ লাখ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫২ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৫৮ পয়সা। এ বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৯৭ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩০ টাকা ৬৬ পয়সায়।
এদিকে গতকাল একই পর্ষদ সভা থেকে কোম্পানিটির সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি আলোচ্য হিসাব বছরে শেয়ার হোল্ডারদের জন্য সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ২ টাকা ৬১ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৮ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ৩১ টাকা ৪৪ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ার হোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ২১ জুন ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪মে।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ার হোল্ডারদের সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে পিপলস ইন্স্যুরেন্স। ২০২০ সমাপ্ত হিসাব বছরের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ার হোল্ডাররা। ২০১৯ হিসাব বছরে ৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।










