ইরাকের অপরিশোধিত জ্বালানি তেল রফতানিতে পতন দেখা দিয়েছে। চলতি বছরের আগস্টে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দৈনিক গড় রফতানি আগের মাসের তুলনায় দেড় লাখ টনের বেশি কমেছে। ইরাকের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার।
অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলনকারী দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ইরাকের অবস্থান বিশ্বে চতুর্থ। তবে জ্বালানি পণ্যটির রফতানিকারকদের বৈশ্বিক তালিকায় দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। অপরিশোধিত জ্বালানি তেলের রফতানিকারকদের জোট অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজের (ওপেক) সদস্য দেশগুলোর মধ্যে সৌদি আরবের পর ইরাক দ্বিতীয় শীর্ষ রফতানিকারক হিসেবে পরিচিত।
ইরাকের সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিদিন গড়ে ২৫ লাখ ৯৭ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছে। গত জুলাইয়ে দেশটি থেকে প্রতিদিন গড়ে ২৭ লাখ ৬৩ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল রফতানি হয়েছিল। সেই হিসাবে, এক মাসের ব্যবধানে ইরাক থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির রফতানি কমেছে দৈনিক গড়ে ১ লাখ ৬৬ হাজার ব্যারেল।
দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, গত মাসে ইরাক থেকে রফতানি হওয়া অপরিশোধিত জ্বালানি তেলের মধ্যে প্রতিদিন গড়ে ২৫ লাখ ব্যারেল রফতানি গন্তব্যে গেছে বসরাসহ দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে। অন্যদিকে একই সময়ে রফতানি হওয়া জ্বালানি তেলের মধ্যে প্রতিদিন গড়ে ৯৭ হাজার ব্যারেল রফতানি গন্তব্যে গেছে ইরাকের উত্তরাঞ্চল থেকে। দেশটির উত্তরাঞ্চলীয় কূপগুলো থেকে উত্তোলন হওয়া অপরিশোধিত জ্বালানি তেল প্রথমে পাইপলাইনযোগে তুরস্কে নেয়া হয়। এরপর ভূমধ্যসাগরের তীরবর্তী তুরস্কের দক্ষিণাঞ্চলের সেইহান বন্দর দিয়ে তা বাইরের দেশগুলোয় রফতানি করা হয়।
ইরাকের জ্বালানি মন্ত্রণালয় আরো জানিয়েছে, চলতি বছরের আগস্টে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে ইরাকি রফতানিকারকরা সব মিলিয়ে ৩৫১ কোটি ৭০ লাখ ডলার আয় করেছেন। এ সময় দেশটি থেকে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল গড়ে ৪৩ ডলার ৬৯ সেন্টে রফতানি করা হয়েছে।










