আন্তর্জাতিক বাজারে গমের দাম ক্রমান্বয়ে বাড়ছে। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) কৃষিপণ্যটির দাম তিন কার্যদিবস ধরে চাঙ্গা রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

সিবিওটিতে সর্বশেষ কার্যদিবসে গমের দাম আগের দিনের তুলনায় দশমিক ৯ শতাংশ বেড়েছে। দিন শেষে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল (৬০ পাউন্ড) গমের দাম দাঁড়িয়েছে ৬ ডলার ৮১ সেন্টে। এর মধ্য দিয়ে টানা তিন কার্যদিবস ধরে চাঙ্গা রয়েছে কৃষিপণ্যটির দাম। আগের দিন বেচাকেনার শুরুতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের দাম ৬ ডলার ৯৩ সেন্টে উঠেছিল। ২০১৪ সালের মে মাসের পর এটাই সিবিওটিতে গমের সর্বোচ্চ দামের রেকর্ড।

কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার কৃষি কৌশল বিভাগের পরিচালক টবিন গোরে বলেন, গমের বাজার চাঙ্গা হওয়ার পেছনে মূল প্রভাবক হিসেবে কাজ করছে রাশিয়া। দেশটিতে কৃষিপণ্যটির রফতানি শুল্ক বাড়ানো হয়েছে। বেঁধে দেয়া হয়েছে রফতানি কোটা। এসব কারণে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে গমের দাম।