দেশের খাদ্য বিতরণ ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিটুবি কমার্স কোম্পানি শপআপের অঙ্গ প্রতিষ্ঠান ‘মোকাম’। এ লক্ষ্যে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে শপআপের প্রধান কার্যালয়ে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ চুক্তির অধীনে দেশজুড়ে থাকা মোকাম ডিস্ট্রিবিউশন সেন্টারে ব্যবসায়িক অংশীদারদের অর্থায়ন করবে লংকাবাংলা ফাইন্যান্স। মিল ও প্রস্তুতকারকদের সঙ্গে ছোট ছোট মুদি দোকানের সরাসরি সংযোগ স্থাপন করে মোকাম। চুক্তির ফলে মোকাম ২০২৬ সালের মধ্যে প্রায় ৮ কোটি মানুষের কাছে ন্যায্যমূল্যে উন্নত মানের পণ্য পৌঁছে দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শপআপের কো-ফাউন্ডার আতাউর রহিম চৌধুরী।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশনস একেএম কামরুজ্জামান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব করপোরেট ফাইন্যান্সিয়াল সার্ভিসেস মোহাম্মদ শোআইব, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সাপ্লাই চেইন ফাইন্যান্স সোহাগ চক্রবর্তী এবং শপআপের চিফ স্ট্র্যাটেজি অফিসার শাহিন সিয়াম, ডেপুটি চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. আবিদ হোসেন খান; চিফ অব স্টাফ মো. জিয়াউল হক ভূঁইয়া ও সৈয়দ মুসায়েব আলম। —বিজ্ঞপ্তি










