বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গোল্ডেন লাইসেন্স চালুর ঘোষণা দিয়েছে বাহরাইন। এটি দেশটিতে থাকা বড় বিনিয়োগ প্রকল্পে যুক্ত বিদেশী ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানকে প্রণোদনা ও পরিষেবা দেবে। ফলে বাহরাইনে কর্মসংস্থান ও বিনিয়োগের পরিসর বাড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর অ্যারাবিয়ান বিজনেস। 

প্রতিবেদনে বলা হয়, এ সিদ্ধান্ত মূলত বাহরাইনের ক্রমবর্ধমান বিনিয়োগ আকর্ষণের ওপর ভিত্তি করে নেয়া হয়েছে। দেশটি প্রায় এক দশকের মধ্যে সর্বোচ্চ জিডিপি বৃদ্ধির হার রেকর্ড করেছে। যেসব কোম্পানিতে বড় বিনিয়োগ ও কৌশলগত প্রকল্প রয়েছে, সেগুলো গোল্ডেন লাইসেন্সের আওতায় আসবে। এজন্য কোম্পানিগুলোর পাঁচ শতাধিক কর্মসংস্থান সৃষ্টির সক্ষমতা ও বিনিয়োগ মূল্য পাঁচ কোটি ডলারের বেশি হতে হবে। তাহলে কোম্পানিগুলো বিনিয়োগ, অবকাঠামো পরিসেবা ও ইউটিলিটির জন্য অগ্রাধিকারভিত্তিতে জমি বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। শুধু তাই নয়, ভবন নির্মাণের অনুমোদন, শ্রম তহবিল ও বাহরাইন ডেভেলপমেন্ট ব্যাংক থেকে সহায়তাসহ অন্যান্য সরকারি সুবিধা পাবে। 

প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা, ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। লাইসেন্সটির মূল লক্ষ্য স্থানীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর বিনিয়োগ আকর্ষণ করা ও স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করা।

২০২১ সালে বাহরাইন ইকোনমিক রিকভারি প্ল্যান (অর্থনীতি পুনরুদ্ধার পরিকল্পনা) করে। সম্প্রতি দেশটির অর্থনৈতিক গতিশীলতা ও গোল্ডেন লাইসেন্সের ঘোষণা সে পরিকল্পনারই অংশ।