অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের জন্য জাপান অনেকাংশে উপসাগরীয় দেশগুলোর ওপর নির্ভরশীল। আরব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন জাপানের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এরই ধারাবাহিকতায় সম্প্রতি পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে সৌদি আরব ও জাপানের মধ্যে। গত রোববার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয়, সার্কুলার কার্বন অর্থনীতি, কার্বন পুনর্ব্যবহার, পরিষ্কার হাইড্রোজেন এবং ফুয়েল অ্যামোনিয়ার ক্ষেত্রে জাপানের সঙ্গে সহযোগিতা স্মারক সই করেছে দেশটি। সূত্র আরব নিউজ।
চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান ও জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা।
নিশিমুরা তার টুইটার পোস্টে বলেন, ‘আমরা সৌদি আরব ও ওমানকে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের বাজার এবং এলএনজির স্থিতিশীল সরবরাহ নিশ্চিতে উৎসাহিত করব। পাশাপাশি আমরা হাইড্রোজেন ও অ্যামোনিয়ার মতো ক্ষেত্রেও সহযোগিতা জোরদার করতে আগ্রহী।’
জাপানের গণমাধ্যমগুলো বলছে, আরব দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে চীন। এ অবস্থায় জাপান মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে অবকাঠামো খাতের পাশাপাশি কার্বন নিঃসরণের পরিমাণ হ্রাস ও জ্বালানির স্থিতিশীল ব্যবস্থার মতো ক্ষেত্রগুলোয় সম্পর্ক জোরদারের পরিকল্পনা করছে।
দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে আগামী সপ্তাহে সৌদি আরব-জাপান বিনিয়োগ ফোরামের আয়োজন করা হয়েছে।










