সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত ব্যবসায়িক কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। ডিসেম্বরে দেশটির এ খাতের কার্যক্রম তিন মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। গতকাল প্রকাশিত একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। যদিও উচ্চ বিক্রি ও শক্তিশালী চাহিদার কারণে চলতি বছর কার্যক্রম বাড়বে বলে আশাবাদী খাতসংশ্লিষ্টরা। খবর দ্য ন্যাশনাল।

রিয়াদ ব্যাংকের সৌদি আরবের জ্বালানি তেলবহির্ভূত খাতের পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) ডিসেম্বরে ৫৬ দশমিক ৯ পয়েন্টে নেমেছে। এ সূচক নভেম্বরেও ৫৮ দশমিক ৫ পয়েন্টে ছিল। গত মাসের সূচক সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন। যদিও খাতটির কার্যক্রম এখনো প্রবৃদ্ধিতে রয়েছে। পিএমআই ৫০ পয়েন্টের ওপরে প্রসারিত এবং এর নিচে ওই খাতের সংকোচন নির্দেশ করে। খাতটিতে নতুন কর্মসংস্থান সৃষ্টির হার পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। কর্মসংস্থানের সাব-ইনডেক্স ডিসেম্বরে ৫২ পয়েন্টে পৌঁছেছে। নভেম্বরে এটি ৫০ দশমিক ৬ পয়েন্টে ছিল। এ সময়ে সংস্থাগুলোয় নতুন ক্রয়াদেশও বেড়েছে।

২০২২ সালে সৌদি আরবের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রায় ৯ শতাংশ বেড়েছে বলে প্রাক্কলন দিয়েছিল সরকার। এটি আগের পূর্বাভাস থেকে বাড়ানো হয়েছে। জিডিপি প্রবৃদ্ধি বাড়ার পেছনে জ্বালানি তেলবহির্ভূত বেসরকারি খাতের কার্যক্রম অবদান রেখেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

রিয়াদ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নায়েফ আল-গাইথ বলেন, আমরা ডিসেম্বরে সৌদি আরবের অর্থনৈতিক কার্যক্রম অনুকূলে থাকতে দেখেছি। এটি ২০২২ সালের শেষ নাগাদ জ্বালানি তেলবহির্ভূত কার্যক্রম দ্রুত বৃদ্ধি এবং শ্রমবাজারকে আরো শক্তিশালী করে তুলেছে। গত বছর কর্মসংস্থান ও বেতন উভয়ই আগের ধারণার চেয়ে দ্রুতগতিতে বেড়েছে।

যদিও চলতি বছর নিয়ে ব্যবসায়িক মনোভাব ইতিবাচক রয়েছে। কারণ দেশটির জ্বালানি তেলবহির্ভূত খাতে বিনিয়োগ ও শক্তিশালী চাহিদা অব্যাহত ছিল। তবে ডিসেম্বরে এ মনোভাব সাত মাসের সর্বনিম্ন পর্যায়ে ছিল।