দেশেই আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ পোশাক ডিজাইনার তৈরির লক্ষ্যে ডিজাইন প্রশিক্ষণ খাতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতি যুক্ত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। পোশাক ও টেক্সটাইল শিল্পের জন্য ক্যাড–ক্যাম ও ডিজিটাল সমাধানে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা লেকট্রা সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে সংগঠনটি।
এ উপলক্ষে গতকাল রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান ওলেকট্রার ভাইস প্রেসিডেন্ট প্যাস্কাল পিয়েরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ স্বাক্ষর করেন। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এই এমওইউর আওতায় লেকট্রা তাদের বিশ্বমানের ক্যাড সফটওয়্যারের মতো সমাধানগুলোর ১৫টি সিটের জন্য বিজিএমইকে সম্পূর্ণ বিনামূল্যে লাইসেন্স দেবে। এ সফটওয়্যারগুলো ব্যবহারের মাধ্যমে বিজিএমইএর শিক্ষার্থী ও প্রশিক্ষকরা সর্বাধুনিক ডিজাইন, প্যাটার্ন তৈরি এবং মার্কার-মেকিং এ হাতেকলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। ফলে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি ও বাজারে তাদের চাহিদা বহু গুণ বৃদ্ধি পাবে।
এ অংশীদারত্বের মাধ্যমে লেকট্রার উন্নত নকশা (ডিজাইন) এবং পণ্য-উন্নয়ন প্রযুক্তিকে বিজিএমইএর শিক্ষার্থী ও শিল্প পেশাদারদের জন্য পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিগুলোয় একীভূত করা হবে, যা ডিজাইন শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নকে শক্তিশালী করবে।










