সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত শূন্য দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। আলোচ্য হিসাব বছরের জন্য এর বাইরে আর কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬০ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬৪ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৪ টাকা ৪৮ পয়সায়।
২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬০ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৩ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৪৮ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৮ টাকা ৩৬ পয়সা।
এর আগে ২০২০ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১৩ পয়সা, যেখানে আগের বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৪ টাকা ২৫ পয়সা। আগের চার বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ বঞ্চিত করেছে কোম্পানিটি। ২০১৪-১৫ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন শেয়ারহোল্ডাররা।
ডিএসইতে গত বৃহস্পতিবার ঢাকা ডায়িং শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৩ টাকা ১০ পয়সা থেকে ২৪ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।










