দেশের উন্নয়নমুখী প্রকল্পে অবদানের পাশাপাশি চীন ও বাংলাদেশের ব্যবসায়িক অংশীদারত্বে ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে চায়না-বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩ অর্জন করেছে এস আলম গ্রুপ। সম্প্রতি ‘পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর’ ক্যাটাগরিতে শিল্প গ্রুপটিকে এ অ্যাওয়ার্ড দেয়া হয়।

দেশে বিদ্যুৎ, অবকাঠামো, যোগাযোগ ও অন্যান্য শিল্প খাতে বাংলাদেশ ও চীনের যৌথ অংশীদারত্বে বেশকিছু প্রকল্প রয়েছে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীন ও বাংলাদেশের যৌথ প্রকল্পগুলোর অন্যতম হলো চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার এসএস পাওয়ার প্লান্ট। যেটি এরই মধ্যে বাণিজ্যিক উৎপাদনের পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে। এ প্রকল্পটিকে ‘পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর’ ক্যাটাগরিতে ‘চায়না-বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩’ দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে এসএস পাওয়ার প্লান্টের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মো. ইবাদত হোসেন ভূঁইয়া বলেন, ‘এসএস পাওয়ার প্লান্টের সফলতা বাংলাদেশের বিদ্যুৎ খাতের জন্য মাইলফলক। একইভাবে চীন ও বাংলাদেশের ব্যবসায়িক অংশীদারত্বেরও গুরুত্বপূর্ণ নিদর্শন এটি। চায়না-বাংলাদেশ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন এ প্রকল্পসংশ্লিষ্ট সবাইকে নিশ্চিতভাবে অনুপ্রাণিত করবে।’

প্রসঙ্গত, প্রায় ২ দশমিক ৬ বিলিয়ন ডলার বা ২৮ হাজার কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত এসএস পাওয়ার প্লান্টটি বেসরকারি একক বিনিয়োগ হিসেবে এখন পর্যন্ত সর্বোচ্চ। এ বিদ্যুৎ প্রকল্পে এস আলম গ্রুপের অংশীদারত্ব ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি। গত ১৮ সেপ্টেম্বর বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন চালু হয়। পুরোদমে দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২৬ অক্টোবর। —বিজ্ঞপ্তি