চীন ২০২২ সালে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ দস্তা রফতানি করেছিল। তবে গত বছর দেশটি আবারো এ ধাতুর নিট আমদানিকারকে পরিণত হয়েছে। এ সময় ধাতুটির রফতানি কমার পাশাপাশি আমদানি প্রায় পাঁচ গুণ বেড়েছে। খবর নাসডাক।

তথ্য বলছে, ২০২১ সালে চীন পাঁচ হাজার টন দস্তা রফতানি করেছিল। ২০২২ সালে তা বেড়ে ৮১ হাজার টনে উন্নীত হয়। তবে গত বছর রফতানি ফের কমে নয় হাজার টনে নেমেছে।

পশ্চিমা দেশগুলোয় গত বছর বেশকিছু বিগলন কেন্দ্র বন্ধ হয়ে গেলে বৈশ্বিক সরবরাহে টান পড়ে। এলএমইতে সংকুচিত হয়ে আসে ধাতুটির মজুদ। এমন পরিস্থিতিতে চীন রফতানি বাড়িয়ে দেয়।

চীনে ধাতুটির আমদানি গত বছরের মাঝামাঝি সময় থেকেই বাড়তে শুরু করে। বছর শেষে মোট আমদানির পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ৮০ হাজার টনে, যা আগের বছরের তুলনায় পাঁচ গুণ বেশি।

সংশ্লিষ্টরা জানান, পশ্চিমা দেশগুলোয় বিগলন কেন্দ্র নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটায় এসব দেশে সরবরাহ লক্ষণীয় মাত্রায় বৃদ্ধি পায়। ফলে গত বছর ফের চীনের দস্তা রফতানি কমে যায়।

তবে এ সময় দেশটির সিসা রফতানি বেড়েছে। ২০১৭-২০ পর্যন্ত চীন সিসার নিট আমদানিকারক ছিল।

২০২১ সাল থেকে দেশটি নিট রফতানিকারক দেশে পরিণত হয়। ওই বছর দেশটি ৯৫ হাজার টন রফতানি করে। ২০২২ সালে তা বেড়ে ১ লাখ ১৬ হাজার এবং ২০২৩ সালে ১ লাখ ৮৮ হাজার টনে উন্নীত হয়।