শতকোটি ডলারেরও বেশি মূল্যে ইউরোপীয় শীর্ষস্থানীয় একটি রিয়েল এস্টেট ফার্ম কেনার চুক্তি করেছে সিঙ্গাপুরের কোম্পানি কেপেল। সম্প্রতি কোম্পানিটি জানিয়েছে, দুই ধাপে ৯৩ কোটি ১৯ লাখ ইউরো বা ১০২ কোটি ডলারের বিনিময়ে এরমন্ট ক্যাপিটালের মালিকানা নেবে তারা। খবর নিক্কেই এশিয়া।
এশিয়ার বাইরে ব্যবসা সম্প্রসারণ ও নিজেদের একটি বৈশ্বিক অ্যাসেট ম্যানেজার (সম্পদ ব্যবস্থাপক) হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় কেপেল। কেপেল ২০২৪ সালের মাঝামাঝি ৩৫ কোটি ৬৯ লাখ ইউরোর বিনিময়ে প্রাথমিকভাবে এরমন্ট ক্যাপিটালের ৫০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করবে। পরবর্তী সময়ে ৫৭ কোটি ৫০ লাখ ইউরো পরিশোধ করে ২০২৮ সালের মধ্যে শতভাগ মালিকানা নেবে কোম্পানিটি। চুক্তিটি মূল্য নগদ অর্থে ও ট্রেজারি শেয়ারের মাধ্যমে পরিশোধ করা হবে বলে আশা করা হচ্ছে।
ইউরোপের অন্যতম বৃহত্তম আবাসন কোম্পানি এরমন্ট প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। কোম্পানিটি বাণিজ্যিক আবাসন, হোটেল ও শিক্ষার্থী আবাসন ব্যবসা পরিচালনা করে আসছে। এছাড়া এরমন্ডের মালিকানায় রয়েছে পাইনউড স্টুডিও। এটি ব্রিটেনের সবচেয়ে বড় ও বিখ্যাত ফিল্ম স্টুডিও। এখান থেকেই বিখ্যাত জেমস বন্ড সিনেমা নির্মাণ করা হয়। এ অধিগ্রহণের মধ্য দিয়ে প্রাথমিকভাবে কেপেলের ব্যবসার মূল্য ৫ হাজার ৩০০ কোটি সিঙ্গাপুরি ডলার থেকে ৭ হাজার ৭০০ কোটি সিঙ্গাপুরি ডলারে (৫ হাজার ৭৭০ কোটি মার্কিন ডলার) উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের পরিমাণ বর্তমানের চেয়ে চার গুণ বাড়িয়ে ২০৩০ সালের মধ্যে ২০ হাজার কোটি সিঙ্গাপুরি ডলারে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেপেল।










