উৎপাদন সক্ষমতা বাড়াতে পূর্বঘোষণা অনুযায়ী নতুন উৎপাদন লাইন স্থাপনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৫ একর জমি ইজারা নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। যেখানে পণ্য উৎপাদনের জন্য নতুন ভবন স্থাপন করবে কোম্পানিটি। এ লক্ষ্যে বাংলাদেশ এসইজেড (বিএসইজেড) লিমিটেডের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে সিঙ্গার বাংলাদেশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানিটি।

এর আগে গত ৩১ মার্চ ডিএসইর মাধ্যমে কোম্পানিটি জানিয়েছিল, উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন করে বিনিয়োগ করবে তারা। এজন্য একটি নতুন উৎপাদন লাইন স্থাপন করা হবে। এ উদ্দেশ্যে প্রায় ৬৮০ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। অভ্যন্তরীণ উৎস এবং দেশী-বিদেশী ব্যাংকঋণের মাধ্যমে এ বিনিয়োগে অর্থায়ন করা হবে। প্রস্তাবিত উৎপাদন লাইনটি চালু হলে এটি স্থানীয় বাজারে অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়া পণ্যের চাহিদা পূরণে সক্ষম হবে। প্রতিযোগী মূল্যে পণ্য সরবরাহের পাশাপাশি এটি কোম্পানিটির প্রবৃদ্ধিতেও অবদান রাখতে পারবে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৬০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। আলোচ্য হিসাব বছরে সিঙ্গারের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮ টাকা ৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৪ টাকা ৬৬ পয়সা।