রয়টার্সের সাম্প্রতিক এক জরিপে জানা গেছে, নভেম্বরে টানা দ্বিতীয় মাসের মতো চীনের উৎপাদন কার্যক্রম সংকুচিত হতে পারে। কারখানার মালিকরা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় ক্ষেত্রে অর্ডার ধরে রাখতে চেষ্টা করছেন। ফলে অতিরিক্ত প্রণোদনার আহ্বান জানানো হয়েছে। খবর রয়টার্স।

পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) নভেম্বরে ৪৯ দশমিক ৭-এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। গত মাসে তা অপ্রত্যাশিতভাবে ৪৯ দশমিক ৫-এ নেমে আসে। তবে রয়টার্সের জরিপে দেখা গেছে, ৩১ জন অর্থনীতিবিদের পূর্বাভাসে এখনো সূচকটি ৫০-এর নিচে থাকবে। এটা সম্প্রসারণের পরিবর্তে সংকোচনের আশঙ্কাকে দৃঢ় করছে।

অর্থনীতিবিদরা একমত হয়েছেন যে অক্টোবরে ইতিবাচক লক্ষণ থাকা সত্ত্বেও অর্থনীতি এখনো চ্যালেঞ্জের মুখে। জরিপে অংশ নেয়া সব উত্তরদাতার পর্যবেক্ষণ ৪৯ থেকে ৫০ দশমিক ২-এর মধ্যে রয়েছে। তাদের মধ্যে বেশির ভাগ ৪৯ দশমিক ৬ এবং ৪৯ দশমিক ৮-এর মধ্যে একটি ছোট সংকোচনের পূর্বাভাস দিয়েছে।

চীনকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ বলা হয়। আবাসন বাজারে সংকট, স্থানীয় সরকারের ঋণের ঝুঁকি, বৈশ্বিক প্রবৃদ্ধির ধীরগতি এবং ভূরাজনৈতিক উত্তেজনার মতো প্রতিবন্ধকতার মুখে পড়েছে দেশটির অর্থনীতি। কভিড-পরবর্তী ধাক্কা সামলাতে চীনা সরকারের এগুলো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বিভিন্ন নীতি সহায়তা ব্যবস্থা থাকা সত্ত্বেও আরো প্রবৃদ্ধি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের ওপর চাপ রয়েছে। গত মাসে চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর মুনাফা বৃদ্ধি ধীর হয়েছে। পাশাপাশি অক্টোবরে নতুন রফতানি ও আমদানি ক্রয়াদেশ কমেছে।

বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন, গৃহস্থালির ভোগ্যপণ্য ও বাজারভিত্তিক সম্পদ পুনর্বিন্যাস না করলে চীনেও জাপানের মতো অর্থনৈতিক স্থবিরতা দেখা দিতে পারে।

চীনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ২০২৪ এবং তার পরে টেকসই প্রবৃদ্ধির বিষয়ে আস্থা প্রকাশ করেছেন। তবে তিনি টেকসই প্রবৃদ্ধির জন্য অবকাঠামো ও সম্পত্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

নীতি উপদেষ্টারা পরামর্শ দিয়েছেন যে আগামী বছর প্রায় ৫ শতাংশ বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য বজায় রাখতে অতিরিক্ত প্রণোদনা প্রয়োজন হতে পারে, যা চলতি বছরের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বিশ্লেষকদের মতে, বেসরকারি কাইক্সিন কারখানার পিএমআই আগামীকাল প্রকাশ করা হবে। অর্থনীতিবিদদের পূর্বাভাস, অক্টোবরে প্রবৃদ্ধি ৪৯ দশমিক ৫ থেকে ৪৯ দশমিক ৮-এ উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।