যুক্তরাষ্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে ধর্মঘট শুরু করেছেন স্বাস্থ্যসেবা কোম্পানি কাইজার পার্মানেন্টের কর্মীরা। তিন দিনব্যাপী ডাকা এ ধর্মঘটের দ্বিতীয় দিনে প্রায় ৭৫ হাজার কর্মী অংশ নিয়েছেন। বেতন বাড়ানোর দাবিতে পূর্ব ঘোষিত এ ধর্মঘটের ডাক দেয় আট শ্রমিক ইউনিয়নের কর্মীদের সম্মিলিত জোট। খবর এপি।
কোম্পানিটির যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ৮৫ হাজার স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে। দেশজুড়ে থাকা কাইজার পার্মানেন্টের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ১ কোট ৩০ লাখ মানুষ স্বাস্থ্যসেবা নিয়ে থাকে। কোম্পানিটির সবচেয়ে বেশি হাসপাতাল থাকা ক্যালিফোর্নিয়ায় বিপুলসংখ্যক কর্মী কাজে যোগ না দিয়ে হাসপাতালের বাইরে অবস্থান নেন। এতে ভোগান্তিতে পড়েছে অ্যাপয়েন্টমেন্ট নেয়া বহু রোগী। তবে ইমার্জেন্সি চিকিৎসা সেবা ধর্মঘটের আওতার বাইরে রয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
ক্যালিফোর্নিয়া, কলোরাডো, ওরেগন ও ওয়াশিংটনসহ মোট পাঁচ রাজ্যের হাসপাতাল-ক্লিনিকে এ ধর্মঘট চলছে।
কায়সার পার্মানেন্ট অরেঞ্জ কাউন্টির আরভিন মেডিকেল সেন্টারের শতশত পিকেটারের মধ্যে জ্যাকলিন ডুলি নামক এক রেডিওলজিক টেকনোলজিস্ট বলেন, ‘আমরা আমাদের রোগীদের সেবা করতে ভেতরে থাকতে চাই। কিন্তু কাইজার কর্তৃপক্ষ আমাদের দাবি নিয়ে আলোচনায় বসেনি। তাই আমরা বাইরে আসতে বাধ্য হয়েছি।’
কায়জার পার্মানেন্ট জানিয়েছে, কর্মীদের সঙ্গে কোনো চুক্তি ছিল না। তবে বেশকিছু বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছেছিলাম। অল্প সময়ের মধ্যেই পুনরায় আলোচনায় বসে সমস্যার সমাধান করা হবে।
কর্মীদের সম্মিলিত জোটের আট ইউনিয়নের সঙ্গে চুক্তির মেয়াদ গত ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যায়। নতুন করে চুক্তি নবায়নসংক্রান্ত আলোচনায় না বসায় ধর্মঘটে নামেন তারা।










