আন্তর্জাতিক বাজারে চাল রফতানিতে কম্বোডিয়ার প্রভাব দিন দিন বাড়ছে। চলতি বছর খাদ্যপণ্যটির রফতানি রেকর্ড বাড়িয়েছে দেশটি। এ ধারাবাহিকতায় কম্বোডিয়ান চালের নতুন বাজার হতে যাচ্ছে সিয়েরা লিওন। খবর নম পেন পোস্ট।

সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন কম্বোডিয়া থেকে চাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। চীন সফররত সিয়েরা লিওনের রাষ্ট্রদূত আর্নেস্ট এন্দোমাহিনা কম্বোডিয়ান বাণিজ্যমন্ত্রী প্যান সোরাসাকের সঙ্গে সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানান।

তিনি বলেন, তার দেশের কৃষি খাত দুর্বল অবকাঠামোসহ নানামুখী সমস্যার সম্মুখীন হয়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে দেশটি কম্বোডিয়া থেকে চাল আমদানির পরিকল্পনা করেছে।

কম্বোডিয়া রাইস ফেডারেশনের (সিআরএফ) মহাসচিব লুন ইয়েং বলেন, এর আগে দেশটি আফ্রিকার বিভিন্ন দেশে স্বল্প পরিমাণে চাল রফতানি করলেও সিয়েরা লিওনে কখনই রফতানি করেনি। সিয়েরা লিওনের মতো নতুন বাজারে প্রবেশ করতে পারা দেশটির জন্য সুখবর।

চলতি বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) কম্বোডিয়া থেকে আন্তর্জাতিক বাজারে মোট ৫ লাখ ১৪ হাজার ১৪৯ টন চাল রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। এর মধ্যে আফ্রিকার কয়েকটি দেশে রফতানি হয়েছে ৩০ হাজার টনের মতো।