নারকেল তেল উৎপাদনকারী ও রফতানিকারক দেশগুলোর বৈশ্বিক শীর্ষ তালিকায় ইন্দোনেশিয়ার অবস্থান দ্বিতীয়। গত বছরের ধারাবাহিকতায় চলতি বছরও দেশটি থেকে পণ্যটির রফতানিতে ৩ শতাংশ প্রবৃদ্ধি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।
ইউএসডিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ইন্দোনেশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ৬ লাখ ৪০ হাজার টন নারকেল তেল রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ২৩ দশমিক ৭৯ শতাংশ বেশি। পরের বছর দেশটি থেকে পণ্যটির রফতানি ৩ দশমিক ৫৯ শতাংশ কমে ৬ লাখ ১৭ হাজার টনে নেমে আসে।
তবে ২০১৯ সালে ইন্দোনেশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬ লাখ ২০ হাজার টন নারকেল তেল রফতানি হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে ইউএসডিএ, যা আগের বছরের তুলনায় দশমিক ৪৯ শতাংশ বেশি। প্রবৃদ্ধির এ ধারাবাহিকতা বজায় থেকে চলতি বছর দেশটি থেকে নারকেল তেল রফতানি আরো ৩ দশমিক ২৩ শতাংশ বেড়ে ৬ লাখ ৪০ হাজার টনে উন্নীত হওয়ার জোরালো সম্ভাবনা দেখছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে টানা চার বছর ধরে দেশটি থেকে প্রতি বছর ৬ লাখ টনের বেশি নারকেল তেল রফতানির রেকর্ড হবে।










