পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই ফরমুলেশনস লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ডাবল এ মাইনাস ও স্বল্পমেয়াদে এসটি-থ্রি। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৫৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ২১ পয়সায়। 

সর্বশেষ সমাপ্ত ২০২৩ হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪ টাকা ৯৭ পয়সায়, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১৪ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৪ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৫ টাকা ৮৮ পয়সায়। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। 

৩০ জুন সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছিল এসিআই ফরমুলেশনসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১৪ পয়সায়, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৫২ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ৬৫ টাকা ৮৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৬৩ টাকা ৫৯ পয়সায়।