দেশজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চার্জিং নেটওয়ার্ক গড়ে তুলতে ৬৩০ কোটি ইউরো ব্যয় পরিকল্পনার অনুমোদন দিয়েছে জার্মান সরকার। আগামী তিন বছরে এ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নেয়া হয়েছে। পরিকল্পনাটি শূন্য কার্বন নিঃসরণ উদ্যোগের একটি অংশ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি বাস্তবায়ন হলে জার্মানিতে চার্জিং স্টেশনের সংখ্যা ১৪ গুণ বাড়বে। পাশাপাশি বর্তমানের প্রায় ৭০ হাজারটি থেকে এ সংখ্যা ২০৩০ নাগাদ ১০ লাখে উন্নীত হবে। যেসব স্থানীয় পৌরসভা বর্তমানে ইভি চার্জিং সুবিধার বাইরে রয়েছে, সেসব এলাকায় চার্জিং স্টেশনগুলো তৈরিতে জোর দেয়া হবে।

বর্তমানে জার্মানির রাস্তায় ১৫ লাখ বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) রয়েছে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা দেড় কোটিতে উন্নীত করার লক্ষ্য। সরকারের পরিকল্পনার অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে চার্জিং স্টেশন তৈরিতে রাষ্ট্রীয় অনুমোদনে গতি আনা।

জার্মানির কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী ভলকার উইজিং এক বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য, চার্জিং অবকাঠামো সম্প্রসারণে গতি আনা ও চার্জ দেয়ার প্রক্রিয়া সহজীকরণ। এটি সহজেই নতুন ব্যবস্থার প্রতি মানুষকে অভ্যস্ত হতে সাহায্য করবে। তাছাড়া বিদ্যুচ্চালিত গাড়ির দ্রুত সম্প্রসারণ ঘটছে। সুতরাং এ খাতে দ্রুত সাড়া দিতে হবে।

তিনি বলেন, দেশটির সরকার ইভির বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধির প্রত্যাশা করছে এবং ক্রেতাদের কাছে ইভিকে আরো আকর্ষণীয় করে তুলতে চাচ্ছে। ইভি-সংশ্লিষ্ট একটি ইতিবাচক অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ফক্সওয়াগন ও টেসলাসহ ব্যাটারি ও ইভি প্রস্তুতকারকদের জন্য জার্মানি একটি উপযুক্ত স্থান।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে জ্বালানি সংকটে বিদ্যুতের মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতি দেখা দিয়েছে। গ্যাস সংকটের কারণে ইউরোপের বৃহত্তম অর্থনীতির শিল্প খাতে বড় ধরনের মন্দার আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতি কাটিয়ে উঠতে জার্মান সরকার বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করেছে এবং জ্বালানি সংকটের কারণে দীর্ঘমেয়াদি জলবায়ু লক্ষ্যগুলো থেকে সরে আসবে না সরকার। এমন এক পরিস্থিতিতে ইভি চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে দেশটি।

ইভি নিয়ে পরিকল্পনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে জার্মান গাড়ি শিল্প সমিতি। তারা দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়ে আসছিল যে, বিদ্যুচ্চালিত গাড়ির দ্রুত সম্প্রসারণে সরকার যথেষ্ট তত্পর নয়। জার্মান অ্যাসোসিয়েশন অব দ্য অটোমোবাইল ইন্ডাস্ট্রি (ভিডিএ) বলেছে, সরকারের নতুন পদক্ষেপ ইভি শিল্পের জন্য খুবই তাত্পর্যপূর্ণ হতে যাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে যেসব প্রস্তাব করে আসছিলাম, সেগুলো বাস্তবায়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।