বোয়িং ম্যাক্সের উৎপাদন না বাড়ানোর নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। নিয়ন্ত্রক সংস্থার সাম্প্রতিক এ ঘোষণায় এয়ারলাইনস ও উড়োজাহাজ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। খবর রয়টার্স।
এফএএ জানায়, বর্তমান মাসিক হারে ম্যাক্স জেট উৎপাদন চালিয়ে যেতে পারে বোয়িং। তবে উৎপাদনের হার নতুন করে আর বাড়ানো যাবে না। তবে এ আদেশ কতদিন স্থায়ী হবে এবং বোয়িং মাসে কতগুলো উড়োজাহাজ তৈরি করতে পারবে তা এখনো নির্ধারণ করে দেয়নি ফেডারেল এভিয়েশন।
মাঝ আকাশে ঘটা বিপত্তিকে কেন্দ্র করে সম্প্রতি বোয়িং পরিচালিত প্রায় হাজার খানেক ফ্লাইট বন্ধ রাখে আলাস্কা ও ইউনাইটেড এয়ারলাইনস। গতকাল ও আজ ওড়ার ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরে আসতে না আসতেই ফেডারেল এভিয়েশনের সিদ্ধান্ত নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
চাহিদার সঙ্গে তাল মেলাতে এবং ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা এয়ারবাসের সঙ্গে জেটের বাজারে ব্যবধান কমিয়ে আনতে বোয়িং সর্বাধিক বিক্রীত মডেল ৭৩৭ ম্যাক্সের উৎপাদন বাড়াতে চাইছিল। কিন্তু ঠিক তখনই এফএএ থেকে নিষেধাজ্ঞা এসেছে।
২০১৮ ও ২০১৯ সালে দুর্ঘটনার কবলে পড়ে কয়েক দফায় বন্ধ ছিল বোয়িংয়ের উড়োজাহাজ। এরপর সম্প্রতি নতুন করে অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে বোয়িংকে।
৫ জানুয়ারি আলাস্কা এয়ারলাইনসের ৭৩৭ ম্যাক্স ৯ আকাশযানের কেবিন প্যানেল খুলে যাওয়া নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। মাঝ আকাশ থেকে খুলে পড়া প্যানেলটি পরে একটি গাছে পাওয়া যায়। এরপর ১৩ জানুয়ারি নিপ্পন এয়ারলাইনসের একটি চলন্ত বোয়িং ৭৩৭-৮০০-এর জানালায় ফাটল ধরায় তোয়মো বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য ফিরে আসে।










