পুঁজিবাজারে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। এক মূল্যসংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানিটি। 

লাফার্জহোলসিম বাংলাদেশের পর্ষদ সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এর বাইরে আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি দুই দফায় ১৫ ও ১৮ শতাংশ হারে অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল, যা এরই মধ্যে বিতরণও সম্পন্ন করা হয়েছে। সব মিলিয়ে আলোচ্য হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোম্পানিটি মোট ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা কোম্পনিটির ইতিহাসে সর্বোচ্চ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৯ মে বেলা ৩টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৭ মার্চ।

২০২২ হিসাব বছরে কোম্পানিটির নিট বিক্রি হয়েছে ২ হাজার ৩৫৯ কোটি টাকা। আগের হিসাব বছরে নিট বিক্রি ছিল ২ হাজার ৫৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট বিক্রি বেড়েছে ১৫ শতাংশ।