নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ‘কমিউনিটি ইমপ্যাক্ট’ বিভাগে ফিকি সাসটেইনেবিলিটি গেম চেঞ্জার অ্যাওয়ার্ড ২০২৫-এর চ্যাম্পিয়ন হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২৪ সালে বাস্তবায়িত উন্নয়নমূলক কমিউনিটি উদ্যোগগুলোর জন্য ইউনিলিভার বাংলাদেশকে এ সম্মাননা প্রদান করা হয়।

এ স্বীকৃতি ইউনিলিভার বাংলাদেশের দায়িত্বশীল নেতৃত্ব ও বৃহৎ পরিসরে কমিউনিটি ইমপ্যাক্ট তৈরির প্রচেষ্টাকে তুলে ধরে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, জীবিকা, নারী ক্ষমতায়ন ও পরিবেশের স্থিতিশীলতা বৃদ্ধিতে কাজ করছে।

ইউনিলিভার বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেল মানুষের বাস্তব জীবনের প্রেক্ষাপটে কাজ করে। এর অংশ হিসেবে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল জলবায়ু-প্রভাবিত চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে, ভূমিজোর সহযোগিতায় স্যানিটেশন অবকাঠামো উন্নয়ন করছে, চট্টগ্রামে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ভ্যালুচেইন সংস্কারে কাজ করছে, ক্ষুদ্র ব্যবসায়ী ও বর্জ্যকর্মীদের জীবিকা ও সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে এখন পর্যন্ত ১৩ লাখেরও বেশি ক্ষুদ্র ব্যবসায়ী ও ৩ হাজারের বেশি বর্জ্যকর্মীর জীবনমান উন্নত হয়েছে।

এ বিষয়ে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, এ অ্যাওয়ার্ড পাওয়া আমাদের দায়িত্ববোধ, কর্মী ও অংশীদারদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। প্রকৃত টেকসই উন্নয়ন তখনই সম্ভব, যখন অগ্রগতি সবার জীবনমান উন্নত করে।

অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান এবং করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার।- বিজ্ঞপ্তি