জনসংখ্যার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় জনবহুল শহর শারজাহ। শহরটিতে বাড়ছে আবাসন খাতে লেনদেনের পরিমাণ। অর্থাৎ বাড়ছে বাড়ি-ফ্ল্যাটের মতো সম্পত্তি বেচাকেনা। সবশেষ গত ফেব্রুয়ারিতে আবাসন খাতের বেচাকেনায় রেকর্ড করেছে শারজাহ। আমিরাতের রিয়েল এস্টেট রেজিস্ট্রেশন বিভাগ জানিয়েছে, গত মাসে শারজাহ শহরের আবাসন খাতে ৬০ কোটি ডলারের লেনদেন হয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস।
সংশ্লিষ্টরা বলছেন, শারজাহ শহরের বাড়ি-ফ্ল্যাটের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের ক্রেতাদের আগ্রহ বাড়ছে। ফলে বেড়েছে এ শহরের আবাসন খাতের ব্যবসা। শারজাহ রিয়েল এস্টেট রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট প্রকাশিত মর্টগেজ মুভমেন্ট রিপোর্টে দেখা গেছে, ফেব্রুয়ারিতে ২ হাজার ২০৭টি লেনদেন হয়েছে। এসব লেনদেনের মাধ্যমে বিক্রি হয়েছে ১ কোটি ৩ লাখ বর্গফুট ভূমি বা এলাকা। যেগুলো বিক্রি হয়েছে ৬০ কোটি ডলারে।
শারজাহর ৯৪টি এলাকায় বিভিন্ন সম্পত্তি কেনাবেচা হয়েছে। এর মধ্যে কিছু সম্পত্তি বাণিজ্যিক, কিছু আবাসিক, কিছু শিল্প খাতের ও কিছু কৃষিজমি। রিয়েল এস্টেট খাতে যে বেচাকেনা হয়েছে তার মধ্যে জমির পরিমাণ ছিল ১৯১টি। ভবন রয়েছে এমন জমি বিক্রি হয়েছে ১৯৩টি। বিভিন্ন সুউচ্চ ভবনে বেচাকেনা হয়েছে ২৫৬টি সম্পত্তি।
মোট লেনদেনে এগিয়ে মুয়াইলিহ বাণিজ্যিক এলাকা। এ এলাকায় ১৫৮টি সম্পত্তি বেচাকেনা হয়েছে। এর পরই রয়েছে আল খান এলাকা, সেখানে লেনদেনের পরিমাণ ৬২টি, আল মুজাইরিয়া এলাকায় ৪২টি ও আল তারফায় ৩৮টি লেনদেন হয়েছে।










