মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দামে টানা পতন বজায় ছিল। তবে পাঁচ কার্যদিবস পর দেশটিতে পণ্যটির দাম বেড়েছে। তবে মালয়েশীয় পাম অয়েলের এ মূল্যবৃদ্ধিকে সাময়িক প্রবণতা বলছেন খাতসংশ্লিষ্টরা। খবর স্টার অনলাইন।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সর্বশেষ কার্যদিবসে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। দিন শেষে এপ্রিলে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪২ রিঙ্গিত (মালয়েশিয়ান মুদ্রা) বা ৮২৬ ডলার ৬১ সেন্টে, যা আগের দিনের তুলনায় টনপ্রতি ২০ রিঙ্গিত বেশি।
এর মধ্য দিয়ে টানা পাঁচ কার্যদিবস পর মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দাম চাঙ্গা হয়ে উঠেছে। সর্বশেষ সপ্তাহে দেশটিতে পাম অয়েলের দাম প্রায় ১১ শতাংশ কমেছিল।
চলতি মাসের প্রথম ১৫ দিনে (১-১৫ জানুয়ারি) মালয়েশিয়া থেকে পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ৪২ শতাংশ কমেছে। গতকাল দাম বাড়লেও রফতানিতে প্রবৃদ্ধি ফিরে না এলে মালয়েশিয়ার বাজারে দীর্ঘমেয়াদে পাম অয়েলের দরপতন বজায় থাকার সম্ভাবনা দেখছেন খাতসংশ্লিষ্টরা।










