কভিড-১৯ মহামারীর প্রকোপ বাড়ায় চীনে লকডাউন আরোপ করা হয়। এর প্রভাব পড়েছে অটোমোবাইল শিল্পে। লকডাউনের জন্য হালকা গাড়ির বৈশ্বিক বিক্রির পূর্বাভাস কমানো হয়েছে। চীনে লকডাউনের পাশাপাশি ইউক্রেন যুদ্ধ এতে ইন্ধন জুগিয়েছে। খবর রয়টার্স।
চলতি বছর হালকা গাড়ি বিক্রি পূর্বাভাস ছিল ৮ কোটি ১৭ লাখ ইউনিট। তবে বর্তমানে তা আট কোটিতে কমিয়ে আনা হয়েছে। চীনে লকডাউন আরোপের জন্য সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এতে করে বিশ্বের অন্যতম বৃহত্তম গাড়ি উৎপাদক দেশটির উৎপাদনও প্রভাবিত হয়। পরামর্শকদের এক প্রতিবেদনে বলা হয়, মে মাসের জন্য যুক্তরাষ্ট্রের মোট গাড়ি বিক্রি ১২ লাখে পৌঁছানোর পূর্বাভাস মিলেছে। সে হিসেবে গত বছরের একই সময়ের থেকে বিক্রি ১৮ শতাংশ কমে যাবে। এদিকে দেশটিতে নতুন গাড়ির খুচরা বিক্রি ২০ দশমিক ৯ শতাংশ কমার আশঙ্কা রয়েছে।










