শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, যত দ্রুত সম্ভব কেমিক্যাল ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দেয়ার ব্যবস্থা করতে চাই। আগামীকাল আমি সর্বোচ্চ মহলে আলোচনা করব। আমি আপনাদের দাবি বিশেষ করে ট্রেড লাইসেন্স যত দ্রুত সম্ভব আপনাদের দেয়ার ব্যবস্থা করতে চাই। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে বকশীবাজার কারা কনভেনশন সেন্টারে বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আপনারা যাতে নিরবিচ্ছিন্নভাবে ব্যবসা করতে পারেন সে ব্যবস্থা করে দিয়েছি। এর মানে এই না যে ঢাকা ছেড়ে চলে যেতে হবে। আপনাদের এখানে (পুরান ঢাকায়) ডিসপ্লে সেন্টার থাকবে, সেলস গোডাউন থাকবে অন্য জায়গায়। (কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক)। এই নীতিমালায় আপনারা অবশ্যই ট্রেড লাইসেন্স পেয়ে যাবেন। মেয়র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ আমরা অতি দ্রুত এটির ব্যবস্থা করব।

তিনি বলেন, সে সময় সবাই বলেছিল কেমিক্যালের কারণে আগুন লেগেছে। একমাত্র আমি বলেছি, আগুন লেগেছে গ্যাসের কারণে। আগুন লাগলেই কেমিকেলের দোষ দেয়া হয়। যদিও কেমিক্যাল দাহ্য পদার্থ, কিন্তু দেশের অর্থনীতিতে এর অবদান অস্বীকার করার সুযোগ নেই।

বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত সভাপতি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেন, আমি কেমিক্যাল ব্যবসা করি না। তারপরও আমাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে শুধু একটি কারণে, এই অসহায় ব্যবসায়ীদের যাতে ট্রেড লাইসেন্সের ব্যবস্থা করতে পারি। ট্রেড লাইসেন্স না থাকলে ঋণ পাওয়া কিংবা আমদানির অনুমতি পাওয়া যায় না।