আর্জেন্টিনায় ভয়াবহ ডিজেল সংকট দেখা দিয়েছে। এ কারণে দেশটিতে প্রধান দুটি শস্য সয়াবিন ও ভুট্টা সংগ্রহ ব্যাহত হচ্ছে। এমন দাবি করেছেন দেশটির কৃষকরা। আর্জেন্টিনা বিশ্বের শীর্ষ সয়াবিন তেল ও সয়ামিল রফতানিকারক। এছাড়া ভুট্টা রফতানিতে দেশটি দ্বিতীয়। সাম্প্রতিক তুষারপাত ও খরার কারণে এরই মধ্যে দেশটিতে শস্য দুটির উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মোট আবাদের ৪ শতাংশ সয়াবিন ও ১৫ শতাংশ ভুট্টা সংগ্রহ করতে পেরেছেন দেশটির কৃষকরা। খবর ওয়ার্ল্ড গ্রেইনস ডটকম।
কৃষকদের অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ট্রাক্টরস ও ট্রাকে ব্যবহারের জন্য প্রয়োজনীয় ডিজেলের সংকট তৈরি হয়েছে। মূলত বিশ্বব্যাপী জ্বালানি সংকট, অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের ব্যাপক মূল্যবৃদ্ধির কারণে এ সংকট দেখা দিয়েছে। এছাড়া রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সংকুচিত হয়ে এসেছে খাদ্যশস্যের সরবরাহও।
অ্যাসোসিয়েশন বলছে, সাম্প্রতিক সপ্তাহগুলোয় দেশের বিভিন্ন অঞ্চল ডিজেলশূন্য হয়ে পড়েছে। এ কারণে উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে শস্যের দাম। এ সমস্যার সমাধানে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। পাশাপাশি বায়োডিজেল ব্যবহারের কথা জানান তারা।










