টানা দুই বছরের মন্দা ভাবের ধারাবাহিকতায় ২০১৯ সালে ঘুরে দাঁড়ায় ইউক্রেনের যব রফতানি খাত। এ ধারাবাহিকতায় চলতি বছরও দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানিতে ৬ শতাংশ প্রবৃদ্ধি বজায় থাকার সম্ভাবনা রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এগ্রিমানি।

ইউক্রেন বিশ্বের দ্বিতীয় শীর্ষ যব রফতানিকারক দেশ। ইউএসডিএর পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫০ লাখ টন যব রফতানির সম্ভাবনা রয়েছে, যা আগের বছরের তুলনায় ৬ দশমিক ৩৮ শতাংশ বেশি।

টানা দুই বছরের মন্দা ভাব কাটিয়ে ২০১৯ সালে ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে মোট ৪৭ লাখ টন যব রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ৩১ দশমিক ৯৯ শতাংশ বেশি।