শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘পণ্য ও সেবার গুণগত মান সুরক্ষা ও উন্নয়ন বিএসটিআইয়ের দায়িত্ব। এ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের ওপর গুণগত শিল্পায়ন এবং জননিরাপত্তার বিষয়টি নির্ভর করে। এক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য কিংবা দায়িত্বহীনতা দেখা দিলে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এর পাশাপাশি ব্যবসায়ীদেরও তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নিম্নমানের পণ্য উৎপাদন করে অতিমুনাফা করার মানসিকতা পরিহার করতে হবে। আমদানিকারকদের মানসম্মত পণ্য আমদানি করতে হবে এবং উৎপাদনকারীদের মানসম্মত পণ্য উৎপাদন করতে হবে। নিম্নমানের পণ্য আমদানি করে ডাম্পিং স্টেশনে পরিণত করা যাবে না।  

গতকাল রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআই প্রধান কার্যালয়ে বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতে বিএসটিআই এবং ব্যবসায়ীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, বৈশ্বিক বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে হলে আমাদের পণ্যের মানের দিক দিয়ে এগোতে হবে। পণ্য মানে যত উন্নত হবে, আমাদের ব্যবসার পরিধি তত বাড়বে। উৎপাদনকারীকে মনে রাখতে হবে দিন শেষে তিনিও একজন ভোক্তা।  

বিএসটিআইয়ের মহাপরিচালক (গ্রেড-১) মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ ফয়েজুল আমীন এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ব্যারিস্টার শামীম সাত্তার। ধন্যবাদ জানান বিএসটিআইয়ের পরিচালক (প্রশাসন) ও (মান) অ দা মো. তাদহর জামিল। এছাড়া অনুষ্ঠানে বিএসটিআইয়ের সাবেক মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসেনসহ শিল্প মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তর এবং সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএসটিআই কাউন্সিলের সদস্য, মান প্রণয়নে বিশেষজ্ঞ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্টেকহোল্ডার ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পণ্যের মানের বিষয়ে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক প্রভাবে যেন নিম্নমানের পণ্য বাজারজাত না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বিশেষ করে কসমেটিকসের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে। কসমেটিকসসহ সব ধরনের নকল ও ভেজাল পণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ারও আহ্বান জানান তিনি।