সিইও ইনসাইটস এশিয়া ম্যাগাজিন সম্প্রতি নভেম্বর ২০২৩ সংস্করণে অ্যালায়েন্স ফাইন্যান্স পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান্তি কুমার সাহাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সারির সফল ১০ অ্যালামনাই মনোনীত করেছে। ম্যাগাজিনটি তার সাক্ষাৎকার ছাপানোর পাশাপাশি কান্তি কুমারকে একজন উদ্ভাবক ও সফল ব্যাংকার হিসেবে উল্লেখ করেছে এবং আর্থিক খাতের গ্রাহকদের যথাযথ পরামর্শ দেয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি অর্জনে সহায়তার জন্য প্রশংসা করেছে।
লংকান অ্যালায়েন্স ফাইন্যান্স লিমিটেডে (বাংলাদেশ-শ্রীলংকার একটি যৌথ উদ্যোগ) যোগদানের আগে শ্রীলংকার ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের কৌশলগত ব্যবসা ইউনিট এনডিবি ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচালনা পর্ষদের প্রতিনিধিত্ব করেছিলেন কান্তি কুমার সাহা। এর আগে তিনি প্রাইম ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ বিজনেস অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং সিটি ব্যাংক এনএ বাংলাদেশ গ্লোবাল করপোরেট ব্যাংকিংয়ের ডিরেক্টর ও হেড হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে বাংলাদেশ লিজিং ও ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। —বিজ্ঞপ্তি









