বিশ্বজুড়ে বিরল মৃত্তিকা উত্তোলন ও রফতানি খাতে চীনের একক আধিপত্য বজায় রয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে ধাতুটির চাহিদার সিংহভাগ পূরণ করে চীন। এ পরিস্থিতি পরিবর্তনে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি বিরল মৃত্তিকার উত্তোলন বাড়িয়ে আমদানিতে লাগাম টানতে একটি নির্বাহী আদেশ জারি করেছেন। খবর রয়টার্স ও ব্লুমবার্গ।
বিরল মৃত্তিকার বৈশ্বিক উত্তোলনের প্রায় ৬২ শতাংশ জোগান দেয় চীন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের হিস্যা সাকল্যে ১২ দশমিক ২ শতাংশ। এ অবস্থা বদলাতে ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, বিরল মৃত্তিকার উত্তোলন বাড়াতে সরকারের পক্ষ থেকে খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহায়তা করা হবে। এর বিপরীতে ধাতুটির আমদানি কমাতে প্রয়োজনে শুল্কারোপ কিংবা কোটা বেঁধে দেয়া হতে পারে।
যুক্তরাষ্ট্রে অস্ত্র কারখানাগুলোয় ও ইলেকট্রনিক পণ্য তৈরিতে বিরল মৃত্তিকা সবচেয়ে বেশি ব্যবহার হয়। আগামী নভেম্বরের নির্বাচনের আগে মার্কিন খনিজ শিল্পের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোকে সন্তুষ্ট করতে ট্রাম্প এমন উদ্যোগ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।










