পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের বন্ড ছাড়ার সিদ্ধান্তে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলে বন্ড ছাড়ার বিষয়টি চূড়ান্ত করা হবে। মূল্যসংবেদনশীল তথ্যের (পিএসআই) মাধ্যমে বিষয়টি জানিয়েছে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটি।

এর আগে গত বছরের ২২ জুন অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ১৯৩তম পর্ষদ সভায় ১৫০ কোটি টাকার এ বন্ড ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়। ছয় বছর মেয়াদি এ বন্ডের বৈশিষ্ট্য হলো এটি নন-কনভার্টিবল, আনসিকিউরড, পুরোপুরি অবসায়নযোগ্য ও ফ্লোটিং রেট কুপন বেয়ারিং সাবঅর্ডিনেট বন্ড। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এ বন্ড ইস্যু করা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি টায়ার টু মূলধন শক্তিশালী করবে।

ডিএসইতে বৃহস্পতিবার আইপিডিসি শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৫৬ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২২ টাকা ৯০ পয়সা ও ৫৮ টাকা ৪০ পয়সা।