কয়লা খাতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জোর প্রচেষ্টা চালাচ্ছে ভিয়েতনাম। এরই অংশ হিসেবে রাষ্ট্রায়ত্ত ভিনাকোমিন কয়লা উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

ভিয়েতনামে বর্তমানে জ্বালানি পণ্যটির চাহিদা ব্যাপক। কিন্তু আন্তর্জাতিক বাজারে আকাশচুম্বী দামের কারণে পণ্যটি আমদানিতে হিমশিম খাচ্ছে ভিয়েতনাম। এছাড়া জাহাজীকরণ ব্যয় বৃদ্ধিসহ নানা প্রতিবন্ধকতা এড়াতেই উত্তোলন বাড়ানোর পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি আঞ্চলিক উৎপাদন শিল্পের পাওয়ারহাউজ হিসেবে খ্যাত। বছরের শুরুর দিকে দেশটি কয়লার সংকুচিত সরবরাহের কারণে বিদ্যুৎ সংকটের আশঙ্কা করেছিল।

ভিনাকোমিনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেং তান হাই এক বিবৃতিতে বলেন, ভিয়েতনামে বর্তমানে কয়লার চাহিদা ব্যাপক। বিশেষ করে গ্রীষ্মের গরমে বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লার চাহিদা দ্বিগুণেরও বেশি বেড়ে যায়।

বিবৃতিতে বলা হয়, চলতি বছরের প্রথম চার মাসে ভিনাকোমিন সব মিলিয়ে ১ কোটি ৪৯ লাখ টন কয়লা উত্তোলন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন ১০ শতাংশ বেড়েছে। এটি দেশের মোট উত্তোলিত কয়লার ৯০ শতাংশ। চলতি মাসে ৪০ লাখ টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা রয়েছে কোম্পানিটির।

তথ্য বলছে, এক দশক আগে ভিয়েতনাম নিট কয়লা রফতানিকারক থেকে নিট কয়লা আমদানিকারকে পরিণত হয়। দেশটি বিদ্যুৎ উৎপাদনের জন্য ক্রমেই কয়লা আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া দেশটির প্রধান কয়লা সরবরাহকারী।