রফতানি বহুমুখীকরণ, গ্রিন ফ্যাক্টরি ও শিল্প এবং তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের তিনটি পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নেবে এনআরবি ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের সঙ্গে তিনটি অংশগ্রহণ চুক্তি করেছে ব্যাংকটি।
চুক্তির আওতায় রফতানি বহুমুখীকরণ খাতে ৩ হাজার কোটি টাকা, গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রির জন্য ১ হাজার কোটি টাকা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়নে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নেবে এনআরবি ব্যাংক।
চুক্তিগুলোর আওতায় বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নীতিমালা অনুযায়ী রফতানি নীতি ২০২৪-২৭-এর সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ও বিশেষ উন্নয়ন খাতের রফতানিমুখী শিল্প, যোগ্য গ্রিন ফ্যাক্টরি ভবন, পরিবেশবান্ধব শিল্প এবং আইসিটি খাতের বিভিন্ন উদ্যোগে অর্থায়ন সুবিধা দেয়া হবে।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী এবং এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রিয়াজ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম রশিদুল হুদাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









