সানভীর বসুন্ধরা গ্রুপের নতুন উদ্যোগ রাজধানীতে যাত্রা করেছে ‘বসুন্ধরা সুপারগলফ’। মাদানী এভিনিউসংলগ্ন এলাকায় ১০৭টি গলফ বে নিয়ে গড়ে তোলা এ স্পোর্টস ও বিনোদন কেন্দ্রটি বৃহস্পতিবার উদ্বোধন করা হয়। গলফের পাশাপাশি এখানে খাবার, বিনোদন ও সামাজিক আয়োজনের সুযোগ থাকছে। বসুন্ধরা সুপারগলফের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, সানভীর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাফিয়াত সোবহান সানভীর ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং বসুন্ধরা সুপারগলফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহানসহ বসুন্ধরা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘মোর দ্যান জাস্ট গলফ’ স্লোগানকে সামনে রেখে তিনটি লেভেলে সাজানো হয়েছে বসুন্ধরা সুপারগলফ। এখানে ডিজিটাল ট্র্যাকিং সুবিধাসহ ১০৭টি গলফ বে ছাড়াও রয়েছে রেস্টুরেন্ট, প্রিমিয়াম ক্যাফে, প্রো-শপ, হাই-টেক সিমুলেটর ও ট্রেনিং রুম। পাশাপাশি বিলিয়ার্ড, ভিআইপি সুইট, মিটিং রুম, সামাজিক অনুষ্ঠান আয়োজনের হল, কিডস জোন ও স্পোর্টস লাউঞ্জের সুবিধা রয়েছে।
অনুষ্ঠানে বসুন্ধরা সুপারগলফের হেড অব অপারেশনস রেজাউর রহমান এবং তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান বক্তব্য দেন। তারা প্রকল্পটির সুযোগ-সুবিধা তুলে ধরার পাশাপাশি দেশের ক্রীড়া ও বিনোদন খাতে এর সম্ভাব্য অবদানের কথা বলেন।
বসুন্ধরা সুপারগলফের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ছিল এমন একটি আধুনিক পরিসর তৈরি করা, যেখানে কেবল পেশাদার গলফ অনুশীলনই নয়; বরং পরিবার, বন্ধু ও করপোরেট টিম নিয়ে সবাই যেন খাবার, বিনোদন ও সামাজিক নানা আয়োজন একসঙ্গে উপভোগ করতে পারেন। তাই শুরু থেকেই আমরা এটিকে শুধু একটি প্রথাগত গলফ ভেন্যু হিসেবে না দেখে, সমন্বিত লাইফস্টাইল হাব হিসেবে গড়ে তুলেছি।’
তিনি জানান, প্রকল্পটির পরিকল্পনা ও বাস্তবায়নে এক বছরের বেশি সময় কাজ করা হয়েছে। আন্তর্জাতিক মানের সেবা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করাই ছিল এর অন্যতম লক্ষ্য।
প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, বার্ষিক সদস্যপদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের জন্যও ‘পে অ্যান্ড প্লে’ ভিত্তিতে খেলার সুযোগ রাখা হয়েছে। ফলে সদস্য না হয়েও নির্ধারিত সুবিধা ব্যবহার করতে পারবেন দর্শনার্থীরা।









