ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ থেকে সৌদি আরবের কোম্পানি আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সির নিয়োগ দেয়া প্রতিনিধি প্রত্যাহার করে নেয়া হয়েছে। কোম্পানিটি তাদের প্রতিনিধি হিসেবে ব্যাংকটিতে মুসাইদ আবদুল্লাহ এ আল-রাজিকে নিয়োগ করেছিল। ডিএসইর মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি। 

তথ্য অনুসারে, সৌদি কোম্পানিটি ইসলামী ব্যাংক বাংলাদেশের পর্ষদ ছাড়লেও ব্যাংকটিতে তাদের শেয়ারহোল্ডিং এখনো ধরে রেখেছে। বর্তমানে ব্যাংকের মোট শেয়ারের প্রায় ১৬ কোটি ১০ লাখ বা ১০ শতাংশের মালিকানায় রয়েছে কোম্পানিটি।

এদিকে ব্যাংকটির পর্ষদে গত জুলাইয়ে তিন কোম্পানি তাদের মনোনীত প্রতিনিধিকে নিয়োগের প্রস্তাব করছিল। এর মধ্যে আরমাডা স্পিনিং মিলস লিমিটেড আবু সাঈদ মোহাম্মদ কাসেম, কিংসওয়ে এন্ডেভার্স লিমিটেড শওকত হোসেন ও ইউনিগ্লোব বিজনেস রিসোর্স লিমিটেড জামালা মোস্তফা চৌধুরীকে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে নিয়োগের পস্তাব করেছিল। এ নিয়োগসংক্রান্ত প্রস্তাবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের বিধান রয়েছে। গতকাল ডিএসইর মাধ্যমে ব্যাংকটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে এ তিন প্রতিনিধির নিয়োগ প্রস্তাবে সম্মতি জানিয়েছে।