দেশের পুঁজিবাজারে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেন শুরুর প্রথম আড়াই ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক বেড়েছে। এরমধ্যে সার্বিক সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ২ শতাংশ। পাশাপাশি এসময় পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেয়া অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর থেকেই ডিএসইএক্স সূচকে পয়েন্ট যোগ হতে থাকে। বেলা সাড়ে ১২ টা পর্যন্ত সূচকটি আগের দিনের চেয়ে ১১৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। 

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এসময় পর্যন্ত ৩৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৪৩ ও শরিয়াহ সূচক ডিএসইএস ২৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রথম আড়াই ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩৫০টির, কমেছে ১৬টির, আর অপরিবর্তিত ছিল ১১টি বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৪৫২ কোটি ৫৩ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।