চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে নেয়া বে-টার্মিনাল প্রকল্পের ব্রেকওয়াটার এবং চ্যানেল নির্মাণে বিশ্বব্যাংক দ্রুত অর্থায়নে যাবে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক। চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গতকাল দ্য চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
আবদৌলায়ে সেক বলেন, ‘বে-টার্মিনাল প্রকল্পে অর্থায়নের আগে সামাজিক ও পরিবেশগত ফিজিবিলিটি স্টাডির অংশ হিসেবে বেসরকারি খাতের মতামত জানতে আমরা এ মতবিনিময় সভায় মিলিত হয়েছি। এ প্রকল্প বাস্তবায়ন হলে নৌযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে লজিস্টিকস হাবে পরিণত হবে চট্টগ্রাম। পাশাপাশি চট্টগ্রামের সঙ্গে ভারতের ভূ-বেষ্টিত উত্তর-পূর্বাঞ্চলসহ ভুটান এবং নেপালের মধ্যে চলমান কানেক্টিভিটি প্রকল্পও ফলপ্রসূ হবে।’
তিনি আরো জানান, বাংলাদেশ ২০২৬ সালের মধ্যে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বাড়ছে বাংলাদেশের আমদানি-রফতানির পরিমাণ। দেশের এ অগ্রযাত্রায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক জনসম্পৃক্ত বিভিন্ন প্রকল্পে উদ্দিষ্ট ব্যবহারকারী, বিশেষ করে বেসরকারি খাতের চাহিদা যাচাই করে অর্থায়ন করে বলেও জানান তিনি।
চট্টগ্রাম চেম্বার সভাপতি ওমর হাজ্জাজ বলেন, ‘দেশের আমদানি-রফতানি বাণিজ্যের প্রায় ৯০ শতাংশ পরিচালিত হয় চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে। চট্টগ্রাম অঞ্চলে পাঁচটি এবং কক্সবাজারে তিনটি শিল্পাঞ্চলে বাড়ছে দেশী-বিদেশী বিনিয়োগ। ফলে ব্যবসায়িক প্রসারের জন্য আমদানি-রফতানি বাণিজ্য আরো গতিশীল করতে বে-টার্মিনাল ব্যবহারে উন্মুখ হয়ে আছেন এ অঞ্চলের ব্যবসায়ীরা। বে-টার্মিনাল প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা-চট্টগ্রাম এবং চট্টগ্রাম-কক্সবাজার অর্থনৈতিক করিডোর আরো গতিশীল হবে।’ তাই এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নসংক্রান্ত সব পরিকল্পনা সম্পন্ন করে দ্রুত অর্থায়ন নিশ্চিত করার অনুরোধ জানান চেম্বার সভাপতি।
সভায় অন্যান্যের মধ্যে চেম্বারের সহসভাপতি রাইসা মাহবুব, পরিচালকদের মধ্যে মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ, মো. রকিবুর রহমান (টুটুল), মাহফুজুল হক শাহ, বেনাজির চৌধুরী নিশান, নাজমুল করিম চৌধুরী শারুন, মাহবুবুল হক মিয়া এবং বিশ্বব্যাংকের অপারেশন ম্যানেজার গেইল মার্টিন, সিনিয়র ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ সেক ওমর টিডিয়ান ডিয়ালো ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর দিলশাদ দোসানী বক্তব্য রাখেন।










