‘লাইফ ইজ আ কার্নিভাল’ প্রতিপাদ্য নিয়ে আগামী ১ ও ২ মার্চ অনুষ্ঠিত হচ্ছে লাতিন আমেরিকান কার্নিভাল-২০২৪। এ উৎসবে প্রবেশ করতে দর্শনার্থীদের  কোনো ফি দিতে হবে না।

শুক্রবার (১ মার্চ) বিকাল ৩টায় রাজধানীর বেইলি রোডস্থ ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হবে এ সাংস্কৃতিক উৎসব, চলবে ২ মার্চ পর্যন্ত। লাতিন আমেরিকান কার্নিভালের আয়োজন করেছে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন।

কার্নিভাল আয়োজনে সহযোগিতা করেছে ব্রাজিল বাংলাদেশ চেম্বার অব কমার্স, কিউবা দূতাবাস, ঢাকাস্থ পেরু, চিলি, উরুগুয়ে ও কলম্বিয়ার অনারারি কনসাল এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

এ উৎসবে থাকবে লাতিন আমেরিকার বিখ্যাত বিভিন্ন চলচ্চিত্র ও লাতিন আমেরিকা বিষয়ক বাংলা ও ইংরেজি বইয়ের প্রদর্শনী। এছাড়াও থাকবে লাতিন আমেরিকার দেশের সাংস্কৃতিক পরিবেশনা।

পাশাপাশি বইয়ের মধ্যে থাকবে লাতিন আমেরিকার বিভিন্ন দেশ নিয়ে লেখা বই ও ভ্রমণ সাহিত্য থাকবে লাতিন আমেরিকা ভ্রমণ নিয়ে বাঙালি ও বাংলাদেশী লেখকদের গ্রন্থ সম্ভার। 

কার্নিভালে লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের প্রদর্শনী হবে। দুই দিনব্যাপী এ উৎসবে ব্রাজিল, চিলি, কলম্বিয়া, কিউবা, উরুগুয়ে, পেরু, আর্জেন্টিনার চলচ্চিত্র প্রদর্শন করা হবে। 

বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জল বলেন, আমরা সারা বছরই বাংলাদেশ ও ভ্রমণ সম্পর্কিত কার্নিভাল, ফটোগ্রাফি অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সঙ্গে প্রতি বছর বিভিন্ন দেশ ও মহাদেশের সংস্কৃতিকেও তুলে ধরি। এবার আমরা লাতিন আমেরিকাকে তুলে ধরেছি। আশা করছি দর্শনার্থীরা আমোদিত হবেন এবং লাতিন আমেরিকার দেশ, জনগণ ও তাদের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। বিজ্ঞপ্তি