বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসানের সঙ্গে বৈশ্বিক রিটেইল ও ই-কমার্স জায়ান্ট আলিবাবার একটি প্রতিনিধি দল বৈঠক করেছেন। সোমবার (৪ মার্চ) বিজিএমইএ কমপ্লেক্সে এ বৈঠক করেন।
এ সময় বর্তমান বৈশ্বিক অনলাইন বাজারের পরিস্থিতি, পরিবর্তনশীল প্রবণতা এবং অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশী পোশাক খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
উভয়পক্ষ আলিবাবার অনলাইন প্ল্যাটফর্মের ওপর বিশেষ গুরুত্ব দেন। এছাড়াও বাংলাদেশী পোশাক রফতানিকারকদের জন্য ব্যবসার সুযোগ তৈরির লক্ষ্যে সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা করেন।
আলিবাবা প্রতিনিধি দলে ছিলেন গ্লোবাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ড্যানিয়েল ঝু, গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের প্রধান টিম সং, সেলস প্ল্যানিং ও অপারেশন লু ফ্যান, বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার নাসরি মা।
বিজিএমইএর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব, ট্রেডেশি লিমিটেডের চেয়ারম্যান রাজীব হোসেন, ট্রেডেশি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শাদাব এম পারভেজ, প্রাগমা সিস্টেমসের সভাপতি কামরুল মিনা।










