চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি লোকসান দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড (এনবিএল)। মূল্যসংবেদনশীল তথ্যমতে, ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১২ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৪ পয়সা। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১৭ টাকা ৮ পয়সা।
৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ স্টক বা বোনাস লভ্যাংশ দিয়েছিল ন্যাশনাল ব্যাংক। ওই হিসাব বছরে এনবিএলের সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ১৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩৪ পয়সা (পুনর্মূল্যায়িত)। ২০২০ সালের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৯২ পয়সায়।
সর্বশেষ রেটিং অনুসারে ন্যাশনাল ব্যাংকের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ প্লাস’
ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। ২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের অনুমোদিত মূলধন ৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধন ৩ হাজার ২১৯ কোটি ৭৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৯৬৮ কোটি ৯০ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৩২১ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৭১। এর মধ্যে ২৮ দশমিক ৪৮ শতাংশ রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ২৪ দশমিক শূন্য ৮ শতাংশ শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক ৮৬ শতাংশ বিদেশী ও বাকি ৪৬ দশমিক ৫৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে বৃহস্পতিবার শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৬ টাকা ৮০ পয়সা ও ৯ টাকা ৭০ পয়সা।
সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ৬ দশমিক ৩৬, অনিরীক্ষিত হালনাগাদ আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১২ দশমিক ৭৮।










