ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) চেয়ারম্যান মারিয়া ফার্নান্দা গারজা তিনদিনের আনুষ্ঠানিক সফরে গতকাল ঢাকায় এসেছেন। ঢাকায় অবস্থানকালে তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ এফবিসিসিআই সভাপতি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ এবং আইসিসি বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্যদের সঙ্গে আইসিসি বাংলাদেশ সচিবালয়ে বৈঠক করবেন।

গত বছরের জুলাইয়ে প্যারিসভিত্তিক আন্তর্জাতিক ব্যবসায়িক সংগঠন আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মারিয়া। তিনি জাতিসংঘের ইন্টারনেট গভর্ন্যান্স ফোরামের উপদেষ্টা এবং প্রতিনিধি দলেরও একজন অংশীজন।

মারিয়া ১০ বছর ধরে আন্তর্জাতিক শ্রম সংস্থা সম্মেলনে মেক্সিকোর প্রতিনিধি ছিলেন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৯৮তম অধিবেশনে এমপ্লয়ারদের ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। তিনি মেক্সিকান নারী ব্যবসায়ী এবং হোম ইমপ্রুভমেন্ট-ওয়াটার সলিউশন কোম্পানি ওরেস্তিয়ার সিইও। কোম্পানিটি ইউএসএমসিএ অঞ্চল, লাতিন আমেরিকা এবং এশিয়া অঞ্চলে পণ্য রফতানি করে। মারিয়া ২০১৪-২০ সাল পর্যন্ত আইসিসি মেক্সিকোর চেয়ারম্যান এবং ২০১২-২০ সাল পর্যন্ত আইসিসি রিজিওনাল কনসালটেটিভ গ্রুপ ফর আমেরিকাসের–আঞ্চলিক সমন্বয়কারী ছিলেন। —বিজ্ঞপ্তি