পোশাক খাতের সবুজ রূপান্তর ত্বরান্বিতকরণে সরকারের সহযোগিতা চেয়েছেন
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি
বলেন, শিল্পের সবুজ রূপান্তরকরণ বৈশ্বিক বাজারে বাংলাদেশের প্রতিযোগী সক্ষমতা বাড়াবে
এবং টেকসই পোশাক উৎপাদনে দেশের শীর্ষস্থানীয় অবস্থান আরো শক্তিশালী করবে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ এসব কথা বলেন তিনি।
ফারুক হাসান বলেন, বর্তমানে বাংলাদেশ ২০৭টি লিড (লিডারশিপ ইন এনার্জি
অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) গ্রিন কারখানার আবাসস্থল হিসেবে মাইলফলক তৈরি করেছে।
যেগুলোর মধ্যে ৭৭টি প্লাটিনাম রেটেড এবং ১১৬টি গোল্ড রেটেড।
এ সময় তিনি শিল্পের সবুজায়নকে আরো ত্বরান্বিত করার জন্য সরকারের নীতি
সহায়তা এবং সহজ অর্থায়নের বিষয়ে সরকারি সহায়তার ওপর জোর দেন।এছাড়াও শিল্পের উল্লেখযোগ্য
অগ্রগতি বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপত্তা ও পরিবেশগত সাসটেইনেবিলিটির ক্ষেত্রে যেসব
অগ্রগতি হয়েছে সেগুলো তুলে ধরেন বিজিএমইএ সভাপতি।
এ সময় ফারুক হাসান পোশাক খাতের উদ্যোক্তাদের জন্য সরকারি সংস্থা বিশেষ
করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে মন্ত্রীর
সহযোগিতা কামনা করেন।
ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য কর, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং
আন্তঃসীমান্ত বাণিজ্য সম্পর্কিত ইস্যুগুলোসহ ব্যবসা-সম্পর্কিত আইন প্রবিধানগুলো সহজীকরণ
করার জন্য অনুরোধ জানান তিনি।
বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি
উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার, বিজিএমইএর সাবেক
সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিজিএমইএর পরিচালক নীলা হোসনে
আরা, আইএলও ও শ্রম বিষয় সংক্রান্ত বিজিএমইএর স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আ ন ম
সাইফুদ্দিন।










