বাংলাদেশ এগ্রো-প্রসেসরস এসোসিয়েশনের (বাপা) ২৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গুলশান ক্লাবে গতকাল এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাপার কার্যনির্বাহী কমিটির সভাপতি ও লালতীর সীড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আনাম। স্বাগত বক্তব্য দেন বাপার সহ-সভাপতি ও প্যারাগন এগ্রো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মসিউর রহমান।

প্রায় ২০০ সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় বাপার সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং সিজি ফুডস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাপার সদস্য তাবিথ এম আওয়াল।

বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রম উপস্থাপন করেন বাপার সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান। অডিট প্রতিবেদনসহ আর্থিক বিষয়াদি উপস্থাপন করেন বাপার কোষাধ্যক্ষ মিনহাজ আহমেদ।

সভায় উপস্থিত বাপার কার্যনির্বাহী কমিটির সদস্যরা সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন।

এসময় কার্যনির্বাহী সদস্য কোহিনুর কামাল মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে নীতিগতভাবে একমত পোষণ করেন। তবে প্রচলিত মোবাইল কোর্ট যেন হয়রানিমূলক, ভীতিকর ও অপমানজনক না হয় এবং কোনো ব্র্যান্ডের সুদীর্ঘ দিনের সুখ্যাতি বিনষ্টের জন্য হুমকিমূলক না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

পরে উন্মুক্ত আলোচনা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বাপার ২৫তম বার্ষিক সাধারণ সভার আয়োজন শেষ হয়।— সংবাদ বিজ্ঞপ্তি