দেশের পুঁজিবাজারে দ্রুততম সময়ে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা ও কমোডিটি ডেরিভেটিভ মার্কেট গড়ে তোলার উদ্দেশ্যে ভারতের মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অব ইন্ডিয়া (এমসিএক্স) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। দেশটির মুম্বাই শহরে অবস্থিত এমসিএক্সের কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছে। এ কর্মশালার অংশ হিসেবে গত বুধবার বেলা ১১টায় ভারতের স্বনামধন্য সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠান কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের সঙ্গে আলোচনা সভা করেছে মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধি দলটি। এ সময় কোটাক মাহিন্দ্রা অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও গ্রুপ সভাপতি নীলেশ শাহর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল ও বাংলাদেশের দলটিতে সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. গোলাম মোস্তফা, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম ফারুক এবং বিএসইসি ও সিএসইর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি