বেনাপোল স্থলবন্দর থেকে চারটি বাংলাদেশী রফতানিপণ্য বোঝাই ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত। বুধবার দুপুরে বেনাপোল বন্দর থেকে ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর পেট্রাপোল থেকে রফতানিকারক প্রতিষ্ঠান ডিএসভি এয়ার অ্যান্ড সি লিমিটেডের পণ্যবাহী চারটি ট্রাক ফেরত পাঠানো হয়।
ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের অর্থ মন্ত্রণালয় কাস্টমসে একটি চিঠি পাঠিয়েছে, যার ভিত্তিতে ট্রান্সশিপমেন্ট পণ্য পেট্রাপোল বন্দরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ বিষয়ে বেনাপোল আমদানি-রফতানি সমিতির সহসভাপতি উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘ভারত সরকারের এমন আচমকা সিদ্ধান্ত দুই দেশের মধ্যকার বাণিজ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করবে। আমরা আশা করি, তারা এমন আক্রোশমূলক পদক্ষেপ থেকে সরে এসে বন্ধুত্বের ধারাবাহিকতা বজায় রাখবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের চারটি রফতানি পণ্যবাহী ট্রাক ফেরত পাঠাতে হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) সজিব নাজির জানান, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস তৃতীয় দেশের পণ্যে কার্গো পাস ইস্যু করেনি। এতে ওইসব পণ্যবাহী ট্রাক ভারতে ঢুকতে পারছে না। তবে ভারতের অভ্যন্তরে রফতানির উদ্দেশ্যে আসা অন্যান্য পণ্যের রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে।










