বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের জিএসপি প্লাস সুবিধা নিয়ে ইইউ ও ইউরোপিয়ান কমিশনে আলোচনা চলছে। দ্বিপক্ষীয় বাণিজ্যে সুবিধাজনক অবস্থানের জন্য ইইউ বাংলাদেশের পাশে থাকবে। তবে এ সুবিধা নিশ্চিত করতে এবং ইউরোপ থেকে বাংলাদেশে সরাসরি বিনিয়োগ বাড়াতে শ্রম আইন সংস্কার ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
গুলশানের একটি হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআিই) আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন চার্লস হোয়াইটলি। ‘বাংলাদেশে পরিচালিত ইউরোপীয় কোম্পানিগুলোর বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চার্লস হোয়াইটলি বলেন, ‘২০২৬ সালের পরও জিএসপি সুবিধা বহাল রাখতে এবং ইউরোপের সরাসরি বিনিয়োগ বাড়াতে শ্রম আইন সংস্কার করতে হবে। গত আট বছরে ইউরোপ থেকে প্রায় ৫ বিলিয়ন ডলারের সরাসরি বিনিয়োগ এসেছিল বাংলাদেশে। তবে এটা আরো বেশি হতে পারত। সামনে এ বিনিয়োগ বাড়াতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে ইউরোপ। সেজন্য চলমান শ্রম আইন সংস্কারে ইইউ নজর রাখছে।’ এ আইন সংস্কারে স্টেকহোল্ডার সব পক্ষের সঙ্গে আলোচনারও পরামর্শ দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলাদেশে বিনিয়োগ করে আপনারা ঠকবেন না। বাংলাদেশের বিভিন্ন সমস্যা থাকলেও বিনিয়োগের অপার সম্ভাবনা ও সুযোগ রয়েছে। এখানকার ব্যাংকিং সমস্যাসহ নানা ধরনের সমস্যা সমাধানে আমরা কাজ করছি। রানা প্লাজার পর আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখানে ৪০ মিলিয়ন মানুষের ক্রয়ক্ষমতা ভালো পর্যায়ে রয়েছে। সুতরাং ভোক্তাদের বিশাল বাজার সৃষ্টি হয়েছে। ’
বিশেষ অতিথির বক্তব্যে বিডা চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ‘বাংলাদেশে ইউরোপের বিনিয়োগ বাড়াতে এখানে ইউরোপীয় ইউনিয়নের জন্য একটি বিশেষ অর্থনৈতিক জোন করা যেতে পারে। আর এ জোন করার জন্য বিনিয়োগ করতে তিনি ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। বিডা চেয়ারম্যান বলেন, প্রতি বছর চিকিৎসার জন্য দেশের ১৫ লাখ রোগী ভারত-থাইল্যান্ডে যাচ্ছে। তাই মেডিকেল চিকিৎসা এবং যন্ত্রপাতি উৎপাদনে দেশে বিশাল সুযোগ রয়েছে। বিনিয়োগকারীদের জন্য নতুন বিমানবন্দরে আলাদা লাউঞ্জ থাকবে উল্লেখ করেন লোকমান হোসেন।
এর আগে প্যানেল আলোচনায় অংশ নিয়ে ইউরোপে ই-বাইক এবং কার্বন ফ্রি বাইকের বিশাল বাজার রয়েছে বলে জানান সাইকেল রফতানিকারক মো. মোশতাক আহমেদ তানভীর। এখানে দেশে যৌথ উদ্যোগে বিনিয়োগ করতে তিনি ইইউ প্রতিনিধিদের আহ্বান জানান।










