করোনা মহামারী পেরিয়ে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে আসছে। স্বস্তির সুবাতাস দেখা যাচ্ছে বিমাণ ভ্রমণেও। হোম রেন্টাল প্লাটফর্ম এয়ারবিএনবি বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের গ্রাহকদের বুকিং সংখ্যা নতুন উচ্চতায় পৌঁছেছে। খবর এফএমটি।
সম্প্রতি এয়ারবিএনবি তার আয়-ব্যয়ের উপাত্তে জানায়, ওমিক্রনের প্রাদুর্ভাব ও অব্যাহত সংক্রমণ পেরিয়ে এয়ারবিএনবির গ্রাহক বুকিং সংখ্যা সর্বোচ্চে পৌঁছেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে এয়ারবিএনবির বুকিং ১০ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো চিঠিতে এয়ারবিএনবির পক্ষ থেকে আরো বলা হয়, অতিথিরা আগের চেয়ে বেশি বুকিং দিচ্ছে। আমরা তাদের চাহিদা পূরণে বদ্ধপরিকর। আমাদের দৃষ্টি আরো সামনে।
আয়-সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর এয়ারবিএনবির শেয়ারের চাহিদা বেড়েছে। এতে দামও বেড়ে গেছে ৩ শতাংশ। বর্তমানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৫০ দশমিক ৫০ ডলারে। এছাড়া প্রথম প্রান্তিকে কোম্পানির আয় হয়েছে ১৫০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭০ শতাংশ বেশি।










