কিউবায় রেমিট্যান্স পরিষেবা সম্প্রসারণ করছে ওয়েস্টার্ন ইউনিয়ন। দুই বছর পরীক্ষামূলক কার্যক্রম চালানোর পর এবার পুরোদমে কার্যক্রম বিস্তার করছে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি। খবর সিএনএন বিজনেস।
মার্কিন নিষেধাজ্ঞায় গত দুই বছর ব্যবসা প্রত্যাশিত সম্প্রসারণ হতে পারেনি। এখনো মার্কিন গ্রাহকরা দিনে সর্বোচ্চ ২ হাজার ডলার পাঠাতে পারে কিউবায়। বৃহস্পতিবার ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক ৫০টি অঙ্গরাজ্যের ৪ হাজার ৪০০ রিটেইল স্টোর থেকে অর্থ পাঠাতে পারবে। এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন ডট কম ও ওয়েস্টার্ন ইউনিয়ন মোবাইল অ্যাপ থেকেও ডিজিটাল উপায়ে অর্থ পাঠানো যাবে।
পরীক্ষামূলক ধাপে কিউবার তিনটি ব্যাংকে ডলারে অর্থ পাঠানো যাবে। ব্যাংকগুলো হচ্ছে ব্যাংকো পপুলার দো আহরো, ব্যাংকো মেট্রোপলিটানো এসএ ও ব্যাংকো দো ক্রেডিটো ই কমার্সিও।
১৯৯০ দশক পরবর্তী সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে ধুঁকছে কিউবা। সাম্প্রতিক বছরগুলোয় রেকর্ডসংখ্যক নাগরিক দ্বীপরাষ্ট্রটি ছেড়ে যাচ্ছে। ২০২০ সালের আগে কিউবার জিডিপিতে ৬ শতাংশ অবদান ছিল যুক্তরাষ্ট্র থেকে পাঠানো রেমিট্যান্সের। কিউবান সামরিক বাহিনীকে সহায়তার অভিযোগে ওয়েস্টার্ন ইউনিয়নের কিউবান অংশীদার ফিনসিমেক্সের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।










